বিশ্বকাপ উদ্বোধনে শাকিরাকে ঘিরে বিতর্ক, ‘বডি ডাবল’ দাবি ভক্তদের
- আপডেট সময় ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 80
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার পরিবেশনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তদের একাংশের দাবি, মঞ্চে যিনি পারফর্ম করেছেন তিনি আসল শাকিরা নন, বরং তার মতো দেখতে অন্য কেউ।
বৃহস্পতিবার, ১১ জুন রাতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপের ২৩তম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে গাওয়া এই গানটি ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তবে গানের চেয়ে বেশি আলোচনায় এসেছে শাকিরার উপস্থিতি ও নতুন সাজ। অনুষ্ঠানে তাকে দেখা যায় ভিন্নধর্মী লুকে। হলুদ পোশাক, সাদা শর্টস, প্ল্যাটফর্ম স্নিকার্স এবং বড় আকারের কালো সানগ্লাসে হাজির হন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের পরিচিত সোনালি চুলের পরিবর্তে হালকা লালচে রঙের চুলও নজর কাড়ে।
এই পরিবর্তিত উপস্থিতিই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেক ভক্ত মন্তব্য করেছেন, মঞ্চে থাকা ব্যক্তির চেহারা, চোখের অভিব্যক্তি ও শারীরিক ভঙ্গিমা শাকিরার সঙ্গে পুরোপুরি মেলে না। কেউ কেউ দাবি করেছেন, এটি হয়তো তার কোনো বডি ডাবল বা রূপধারী ব্যক্তি হতে পারে।
তবে এসব দাবি বা জল্পনার পক্ষে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। আয়োজক কর্তৃপক্ষ কিংবা শাকিরার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
বিতর্কের বাইরে, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরার এই পরিবেশনা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বহুল আলোচিত বিচ্ছেদের পর এটিই তার প্রথম বড় আন্তর্জাতিক মঞ্চে পরিবেশনা।
‘দাই দাই’ গানের কথাতেও প্রতিকূলতা কাটিয়ে উঠে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো মানুষকে নতুনভাবে গড়ে তোলে এবং প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই শেখার সুযোগ থাকে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তাই একদিকে যেমন তার পরিবেশনা প্রশংসিত হয়েছে, অন্যদিকে তার নতুন রূপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনাও অব্যাহত রয়েছে।























