রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় ০৭:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 85
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মামলার প্রধান আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার, ২১ মে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি হিসেবে সোহেল খান নামের একজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, গ্রেপ্তার হওয়া আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সরকারের পক্ষ থেকে দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে চার্জশিট জমা দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি।
আইন সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের চাহিদা অনুযায়ী আইনকে যুগোপযোগী ও আধুনিক করতে হয়। এটি একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন আইনে প্রয়োজনীয় সংশোধনের বিষয় সরকার বিবেচনা করছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, খুব সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেন কোনো অবিচার না ঘটে কিংবা কঠোর আইন প্রয়োগের ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ তৈরি না হয়, সেসব বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হয়।
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতার অভিযোগ সঠিক নয়। অনেক সময় বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে, যা আদালতের বিষয়। তিনি জানান, বিভিন্ন আলোচিত মামলার মতো রামিসা হত্যাকাণ্ডের ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

























