সব অপকর্ম করছে জামায়াত, দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর’: দুদু
- আপডেট সময় ০৬:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 81
জামায়াতে ইসলামী মূলত ইসলামকে নিয়ে ব্যবসা করছে এবং দেশে যত ধরনের অপকর্ম ও অস্থিতিশীলতা তৈরি হচ্ছে তার পেছনে এই দলটির হাত রয়েছে বলে তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, জামায়াত এসব অপকর্ম করলেও সুকৌশলে তার দায় বর্তমান বিএনপি সমর্থিত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের সাধারণ মানুষ ইতিহাস ও বর্তমানের বাস্তবতা সম্পর্কে পুরোপুরি সচেতন। তাই কোনো ধরনের অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। তিনি দাবি করেন, জনগণের মূল সমর্থন ও আস্থা এখন সম্পূর্ণভাবে বিএনপির পক্ষেই রয়েছে এবং কোনো কুচক্রী মহলের অপপ্রচারে কোনো লাভ হবে না।
একটি বিশেষ গোষ্ঠী দেশে বিভিন্ন অপরাধ সংঘটিত করে তার দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তারা মুখে ইসলামের কথা বলে মূলত ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে এবং মিথ্যাচার ছাড়া তাদের ঝুলিতে আর কোনো রাজনীতি নেই।
জামায়াতে ইসলামীর ঐতিহাসিক রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে এই সিনিয়র বিএনপি নেতা বলেন, ইতিহাসের দীর্ঘ ধারায় জামায়াত কখনো দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি এবং তা দেশের মানুষ ভালো করেই জানে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কারা বাংলাদেশের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে বর্বর অবস্থান নিয়েছিল, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
বিগত সরকারের স্বাস্থ্য খাতের তীব্র সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, দেশে হামের প্রাদুর্ভাব সম্পর্কে অন্তত পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিএনপির আমলে দেশ থেকে নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের চরম ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন অত্যন্ত জরুরি ভিত্তিতে ও গুরুত্বের সঙ্গে এই স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার বিষয়টি দেখছে। এ সময় দেশের ফার্মাসিস্টদের জাতীয় দায়িত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, আগে যেখানে রাত ৭টা-৮টার মধ্যেই ফার্মেসি বন্ধ হয়ে যেত, এখন জনগণের সেবায় তারা সারারাত দোকান খোলা রাখছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটি মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর একক নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে দলকানা লোকদের বাদ দিয়ে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলেই একটি স্বার্থান্বেষী পক্ষ অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
দলের ভেতরে ও বাইরে অপরাধীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, যারা বিভিন্ন অপকর্ম করছে, তারা কখনোই প্রকৃত বিএনপি করতে পারে না।
কারণ অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যদি বিএনপির নাম বা পদবি ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাকে অবিলম্বে ধরে আইনের হাতে তুলে দিতে হবে।
একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নিজ নিজ এলাকার আশপাশে কোথাও কোনো অপকর্ম বা চাঁদাবাজি হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান।


























