বক্স অফিসে বাজিমাত মাইকেলের বায়োপিক
- আপডেট সময় ১১:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 18
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৪ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করলেও চলচ্চিত্র সমালোচকদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে অ্যান্টনি ফুকুয়া পরিচালিত এই সিনেমাটি। মুক্তির প্রথম দিন থেকেই অনেক সমালোচক ছবিটিকে ‘পরিশোধিত’ ও ‘প্রাণহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন। অভিযোগ করা হয়েছে, চিত্রনাট্যে মাইকেল জ্যাকসনের জীবনের নানা বিতর্কিত অধ্যায়গুলো সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়া হয়েছে।
সমালোচকদের দাবি, শিল্পীর জীবনের মনস্তাত্ত্বিক জটিলতা ও অমীমাংসিত বিষয়গুলো ফুটিয়ে তোলার পরিবর্তে কেবল তার গান এবং আইকনিক পরিবেশনাগুলোকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে নেতিবাচক পর্যালোচনার মাঝেও নাম ভূমিকায় জাফার জ্যাকসনের অভিনয়ের প্রশংসা করেছেন প্রায় সবাই। শিল্পীর ভাইপো জাফার তার শৈল্পিক দক্ষতা দিয়ে পপ সম্রাটকে পর্দায় জীবন্ত করে তুলেছেন বলে মনে করছেন দর্শকরা।
সমালোচকদের নিন্দা বক্স অফিসে কোনো প্রভাব ফেলতে পারেনি; বরং আয়ের দিক থেকে বাজিমাত করছে এই বায়োপিক। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ছবিটি বায়োপিক হিসেবে সর্বকালের সর্বোচ্চ ‘ওপেনিং উইকেন্ড’ সংগ্রহের পথে রয়েছে। প্রথম দুই দিনের আয় এবং তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রির ধারা বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী এর আয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে, যা চলচ্চিত্র ইতিহাসে বায়োপিকের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড।
উল্লেখ্য, প্রায় ২০০ মিলিয়ন ডলার নির্মাণ ব্যয়ের এই বিগ বাজেটের ছবিতে জাফার জ্যাকসনের পাশাপাশি আরও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, জেসিকা সুলা এবং মাইলস টেলার। সমালোচকদের তাত্ত্বিক আপত্তির চেয়ে সাধারণ দর্শকের আবেগই এখন বক্স অফিসে বেশি প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

























