শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় ০৬:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 19
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় তদন্ত সংস্থা তাদের খসড়া প্রতিবেদন দাখিল করেছে এবং বর্তমানে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
রোববার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত পরিচালনা করেছে। তদন্ত শেষে তারা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
তিনি জানান, প্রতিবেদনটি এখন বিস্তারিত যাচাই-বাছাই করা হবে, যাতে একটি নির্ভুল তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্বচ্ছ বিচার নিশ্চিত করা যায় এবং প্রকৃত অভিযুক্তরা বিচারের মুখোমুখি হন।
মো. আমিনুল ইসলাম বলেন, রোববার হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মামলায় কারা আসামি হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান, সাবেক বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম এসেছে। তবে এসব নাম এখনও যাচাই-বাছাইয়ের মধ্যে রয়েছে। যাচাই শেষে আসামির তালিকায় সংযোজন বা বিয়োজন হতে পারে বলে জানান তিনি।
নিহতদের বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

























