বাবার মতো বেতনের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী—বললেন স্বাস্থ্যমন্ত্রী”
- আপডেট সময় ০৭:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 27
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন এবং মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী একই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার, ৬ জুলাই রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেন, তার প্রস্তাব তারা চাইলে গ্রহণ করতে পারেন, আবার নাও করতে পারেন।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে তা দরিদ্র মানুষের সহায়তা বা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা যায়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সে অনুযায়ী প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন তিনি। বেতন হিসাবে জমা হওয়ার পর ওই অর্থ চেকের মাধ্যমে সরকারের হিসাবে ফেরত দেওয়া হয় বলেও প্রধানমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদেরও সামর্থ্য থাকলে প্রতি মাসে তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ প্রস্তাবে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক সাড়া দিয়েছেন বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত বিভিন্ন উদ্যোগের কথাও বৈঠকে উল্লেখ করেছেন।
























