নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৫:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 22
নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ‘প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে প্রতিমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করার নির্দেশনা দেন। প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, ইতিমধ্যে পৌরসভাগুলোতে সৌর প্যানেলের জন্য অর্থ পাঠানো হয়েছে। তার পরও বেশির ভাগ পৌরসভায় এখনো প্যানেল স্থাপন হয়নি।
দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে পৌরভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, পরবর্তী সময়ে তিনি বিভিন্ন পৌরসভা পরিদর্শন করবেন। সে সময় খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌরসেবায় কোনো ঘাটতি চোখে পড়লে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।




















