মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে গণবিজ্ঞপ্তিতে যা জানা গেল
- আপডেট সময় ১১:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 51
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সামনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এর আলোকে নির্ধারিত শর্ত অনুযায়ী মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে। স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ নির্ধারিত অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-০০-১২৩৪।























