চকবাজারে সাড়ে ৪ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় ১২:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 28
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সংস্থাটির ১০টি ইউনিট কাজ করে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভবনটিতে ব্যাগ, প্রসাধনী, ছাতা, গ্যাস ম্যাচসহ বিভিন্ন পণ্যের গোডাউন ছিল বলে জানিয়েছেন দোকানিরা।
আগুন লাগার পরপরই তা ছড়িয়ে পড়ে ভবনটির ষষ্ঠ তলায়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক দেখা দেয়। এ সময় আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দুই ধাপে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১০টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভবনটির ষষ্ঠ তলায় আগুন দেখতে পান তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন লাগা ভবনটির আশপাশে আবাসিক ভবন রয়েছে। তবে সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তখনো কোনো তথ্য পাওয়া যায়নি।






















