কুমিল্লায় অটোরিকশাচালকের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
- আপডেট সময় ১২:৩০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 21
কুমিল্লায় এবার এক মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক মো. ইকরামুল হককে (৩৭) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)। সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইকরামুল সদর দক্ষিণ থানার লালবাগ উত্তরপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
সোমবার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. ইমরুল হাসান।
এসআরবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক অটোরিকশাচালক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করছেন। বিষয়টি এসআরবি-১১-এর নজরে এলে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১১, সিপিসি-২-এর একটি দল চৌদ্দগ্রাম থানার যুক্তিখোলা অঞ্চলে অভিযান চালিয়ে ইকরামুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. ইমরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে গত ১০ অক্টোবর বিকেলে সদর দক্ষিণ মডেল থানার লালবাগ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি কলাবাগানে নিয়ে সে ওই নারীকে ধর্ষণ করে। অপরাধ সংঘটিত করে কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের অন্য এক অটোরিকশাচালক তাকে দেখে ফেলেন এবং জবানবন্দির ভিডিও ধারণ করেন। ভিডিওতে ইকরামুল নিজের অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে সেটি ফেসবুকে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
























