রাষ্ট্রপতির স্ত্রী থেকে কৃষকের স্ত্রী সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
- আপডেট সময় ০৫:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 33
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীও ফ্যামিলি কার্ডের আওতায় থাকবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ সুবিধা থেকে কাউকে বাদ দেওয়া হবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীও এই কার্ডের আওতায় থাকবেন বলে জানান তিনি।
একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এ সময় ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?’
তিনি আরও বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।
অনুষ্ঠানে রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।






















