‘বাংলাদেশ হবে আন্তর্জাতিক মানের আঞ্চলিক এভিয়েশন হাব’
- আপডেট সময় ০১:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 30
বাংলাদেশকে আন্তর্জাতিক মানের আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলায় দ্য প্রেস্টিজ ইউনাইটেড কনভেনশন সেন্টারে দৈনিক বণিক বার্তা আয়োজিত পলিসি কংক্লেভে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, এভিয়েশন খাতের উন্নয়নে বিমানবন্দর অবকাঠামো সংস্কার, বিমানবহর সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরে টার্মিনালটির সফট ওপেনিং এবং মার্চ-এপ্রিল নাগাদ পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য রয়েছে। চালু হলে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রী সেবা নিতে পারবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন আন্তর্জাতিক রুট চালু ও ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কার্গো ও এয়ার শিপমেন্ট সুবিধাও সম্প্রসারণ করা হবে। বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে, সেটি বাংলাদেশের নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত।
দেশে নিজস্ব মেইনটেন্যান্স, রিপেয়ার ও ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তোলার পাশাপাশি দক্ষ পাইলট, এয়ারলাইনস প্রকৌশলী ও গ্রাউন্ড স্টাফ তৈরিতে স্থানীয় এভিয়েশন ট্রেনিং সেন্টার চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, ওপেন স্কাই নীতি বজায় রেখে বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পরিণত করতে হবে। এ খাতের বিপুল আন্তর্জাতিক বাজারের সম্ভাবনাও কাজে লাগানো হবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

























