বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের
- আপডেট সময় ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 18
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তৌহিদ হৃদয়। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে এই কীর্তি গড়েন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) চতুর্থ ও শেষ দিনের খেলায় ২০৪ রানে অপরাজিত থেকে ব্যাটিংয়ে নামেন হৃদয়। এরপর বাংলাদেশের প্রথম ইনিংসের ১৮২তম ওভারের প্রথম বলে দুই রান নিয়ে ৩০০ পূর্ণ করেন তিনি।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৬১১ রান। এর আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল প্রথম ইনিংসে ৫১২ রান করে। ফলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে।
হৃদয় বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন। এর আগে এই কীর্তি গড়েছেন রকিবুল হাসান ও তামিম ইকবাল।
২০০৭ সালে ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে অপরাজিত ৩১৩ রান করে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হন রকিবুল। পরে ২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে অপরাজিত ৩৩৪ রান করেন তামিম। রকিবুলের রেকর্ড ভাঙার সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন রকিবুল নিজেই।
বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশ ‘এ’ দলের হয়েও প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন হৃদয়। এর আগে এই রেকর্ড ছিল শাহরিয়ার হোসেনের দখলে।
২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার। এত দিন সেটিই ছিল দলটির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এর আগে একমাত্র ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরিও করেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বিদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ক্রিকেটারও হলেন হৃদয়। এর আগে ১৯৪৮-৪৯ মৌসুমে ইংল্যান্ডের ডেনিস কম্পটন দক্ষিণ আফ্রিকায় এমসিসির হয়ে ৩০০ রান করেছিলেন।























