বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতিকর: পানিসম্পদ মন্ত্রী
- আপডেট সময় ০৬:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 27
বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার পাশাপাশি দেশের উন্নয়নও ক্ষতিগ্রস্ত হবে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দল লংমার্চ করেছে, আবার আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথা বলছে। আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আন্দোলন এলাকার জন্য ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর।
পানিসম্পদ মন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আরেকটি পক্ষ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলে রয়েছে। কিন্তু তারা সরকার শপথ নেওয়ার দিন উপস্থিত হয়নি এবং সরকারকে সহযোগিতাও করেনি। এখনো তারা আন্দোলনের কথা বলছে।
তিনি বলেন, ‘হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছেন, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো সেই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।’
বিরোধী দলের আন্দোলন নিয়ে তিনি বলেন, তারা আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে। তার দাবি, হাসিনা ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিলেন এবং পরবর্তী ১৭ বছরে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দল মনে করছে আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবেন এবং মন্ত্রী-এমপিরাও দুর্বল হয়ে পড়বেন। এরপর সেই সুযোগে মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে—এমন সুযোগ দেওয়া যাবে না। এ কারণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে বলেও মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে কাজ করা সম্ভব হলে দেশের মানুষের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি জিয়াউর রহমানের দেশকে স্বনির্ভর করার উদ্যোগ এবং খালেদা জিয়ার গ্রামে গ্রামে গিয়ে জনগণের সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন। উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।

























