জাপানের বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ
- আপডেট সময় ০৬:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 18
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে সোমবার (২৯ জুন) জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি একাদশে বড় কোনো পরিবর্তন আনবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়রকে আগের ম্যাচের তুলনায় বেশি সময় মাঠে দেখা যেতে পারে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, শেষ অনুশীলনের পর একাদশ চূড়ান্ত করা হবে। তবে দলে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তিনি বলেন, জাপান একটি শৃঙ্খলাবদ্ধ দল এবং তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে, সে বিষয়ে ব্রাজিলের প্রস্তুতি রয়েছে।
স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে দীর্ঘদিন পর মাঠে নেমে শেষ ১৫ মিনিট খেলেছিলেন নেইমার। তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে ব্রাজিল কোচ বলেন, গত এক সপ্তাহে তার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এবার তিনি আরও বেশি সময় খেলার জন্য প্রস্তুত।
স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, সেটিই প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে আনচেলত্তি নিজের কাঙ্ক্ষিত সমন্বয় খুঁজে পেয়েছেন। চোটে থাকা রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পাওয়া রায়ানও পারফরম্যান্স দিয়ে কোচের আস্থা অর্জন করেছেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে ব্রাজিল। দুই দলের ১৪টি মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, দুটি ড্র হয়েছে এবং জাপান জিতেছে একটি ম্যাচ।
তবে জাপানের একমাত্র জয়টি এসেছে দুই দলের সর্বশেষ দেখায়। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল ব্লু সামুরাইরা। তাই অতীতের রেকর্ড অনুকূলে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নয় ব্রাজিল শিবির।

























