বিসিবির তামিম ইকবালের কমিটির বৈধতা চ্যালেঞ্জ; হাইকোর্টে সাবেক ১২ পরিচালকের রিট
- আপডেট সময় ০৭:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 70
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ এবং এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে নতুন করে রিট আবেদন করা হয়েছে। বিসিবির সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদসহ সাবেক ১২ জন পরিচালক যৌথভাবে এই রিট দায়ের করেছেন।
আজ শনিবার (১৬ মে) সুপ্রিম কোর্টের বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিটকারী সাবেক পরিচালকদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদ ছাড়াও রয়েছেন—আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), এনএসসির নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবি সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিধিমালা ও দেশের প্রচলিত আইন অনুযায়ী বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে রিটে।
এর আগে, গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ ৭ জন আইনজীবী বিসিবির এই অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে প্রথম রিটটি দায়ের করেছিলেন। তবে গত ১১ মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সেই রিটটি খারিজ করে দেন। আদালতে তখন রাষ্ট্রপক্ষে শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতি করা হয় তামিম ইকবাল খানকে। এই কমিটিতে সাবেক দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম (বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী), মির্জা ইয়াসির আব্বাস (প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে), সাঈদ ইব্রাহিম আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে), ইসরাফিল খসরু (অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে), তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। নির্বাচিত কমিটি ভেঙে এমন রাজনৈতিক সংশ্লিষ্টতায় কমিটি গঠনের বিষয়টি নিয়েই এখন আইনি লড়াই শুরু করলেন সাবেক পরিচালকেরা।


























