৩ গোলে পিছিয়েও বায়ার্নের অবিশ্বাস্য জয়
- আপডেট সময় ১০:২৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 18
বুন্দেসলিগার শিরোপা লড়াইয়ে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী হিসেবে আবারও প্রমাণ করল বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের অভাবনীয় প্রত্যাবর্তনে মেইনজকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। এই জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ১৮-তে নিয়ে গেল বাভারিয়ান শিবির।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বায়ার্ন। আগের ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন নিয়ে মাঠে নামার প্রভাব স্পষ্ট ছিল প্রথমার্ধের খেলায়। বিরতির আগে বায়ার্নের একটি শটও মেইনজের গোলমুখে ছিল না।
খেলার ১৫ মিনিটেই ডমিনিক কোহরের গোলে এগিয়ে যায় স্বাগতিক মেইনজ। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পল নেবেল। প্রথমার্ধের যোগ করা সময়ে শেরাল্ডো বেকের গোল করলে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন। ২১টি শট নিয়ে মেইনজ প্রথমার্ধেই বায়ার্নকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার আভাস দিয়েছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যারি কেইন ও মাইকেল ওলিসেকে মাঠে নামানোর পর খোলস ছেড়ে বেরিয়ে আসে বায়ার্ন। ৫৩ মিনিটে নিকোলাস জ্যাকসন প্রথম গোল করে ব্যবধান কমান। এরপর ৭৩ মিনিটে ওলিসে এবং ৮১ মিনিটে জামাল মুসিয়ালা গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩।
ম্যাচের ৮৩ মিনিটে বাভারিয়ানদের হয়ে জয়সূচক গোলটি করেন ফর্মের তুঙ্গে থাকা স্ট্রাইকার হ্যারি কেইন। এটি চলতি লিগে তাঁর ৩৩তম গোল। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান চ্যাম্পিয়নরা।
৩১ ম্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে বায়ার্নের সংগ্রহ এখন ৮২ পয়েন্ট। সমান ম্যাচে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। অন্যদিকে, হারলেও ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে অবস্থান করছে মেইনজ।

























