সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার
- আপডেট সময় ০২:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 19
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য, ভুয়া ভিডিও এবং সাইবার বুলিং প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এসব কর্মকাণ্ড দমনে আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে। ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে অনেক নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। জনগণের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।
তিনি আরও বলেন, সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে।
মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, কেউ দায়িত্ব পালনে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
দেশীয় গ্যাস উত্তোলনের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু অলিগার্কের স্বার্থ রক্ষার কারণে আগে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তার দাবি, দেশের বিদ্যমান গ্যাসের মজুত দিয়ে আরও প্রায় ২৫ বছর জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব। পাশাপাশি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে, যাতে ব্যবসায়ীদের ওপর চাপ কমে।
তিনি জানান, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এখনো ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে।
























