তিস্তায় ভেসে যাওয়া হাতিশাবক উদ্ধার
- আপডেট সময় ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 17
ভারতের পশ্চিমবঙ্গের তিস্তা নদীতে স্রোতের টানে প্রায় চার কিলোমিটার ভেসে যাওয়া চার দিনের একটি হাতিশাবককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। পরে বন বিভাগের উদ্যোগে শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারাজের কাছে তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করছিল একটি হাতির পাল। এ সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে মাত্র চার দিনের হাতিশাবকটি নদীর প্রবল স্রোতে ভেসে যায়।
প্রায় চার কিলোমিটার ভেসে যাওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা স্থানীয় জেলেদের নজরে আসে শাবকটি। পরে ছোট নৌকা নিয়ে নদীতে গিয়ে তারা সেটিকে উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধার করা হাতিশাবকটিকে পশুচিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষায় তার শরীরে গুরুতর কোনো আঘাত পাওয়া যায়নি।
বন কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় মানুষের সংস্পর্শে থাকলে মা হাতি শাবকটিকে প্রত্যাখ্যান করতে পারে। এ কারণে দ্রুত শাবকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
পরে শাবকটিকে হাতির পালের কাছে নিয়ে গেলে মা হাতি তাকে গ্রহণ করে এবং দুধ পান করায়। এরপর শাবকটি আবার মায়ের সঙ্গে হাতির পালে ফিরে যায়।

























