ছাত্রদলে নতুন ২৯ কমিটি ঘোষণা
- আপডেট সময় ১১:১৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 93
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে একযোগে ২৯টি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
মূলত সংগঠনের তৃণমূল পর্যায়ে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ছাত্রদলকে ঢেলে সাজাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কমিটিগুলোর মধ্যে মহানগর ও জেলা পর্যায়ে ঢাকার চারটি গুরুত্বপূর্ণ ইউনিট—উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা মহানগরের জন্য অনুমোদন করা হয়েছে আংশিক পূর্ণাঙ্গ কমিটি।
বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতেও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি দেওয়া হয়েছে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় সংসদ। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।
কলেজ পর্যায়ে ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের নীতিনির্ধারকরা জানিয়েছেন, মেধা ও নেতৃত্বের গুণাবলি বিবেচনা করে এই কমিটিগুলো গঠন করা হয়েছে, যা আগামী দিনের ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সংগঠনের শীর্ষ নেতৃত্বের মতে, রাজপথের লড়াই-সংগ্রাম এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই নতুন কমিটিগুলো বিশেষ ভূমিকা রাখবে।
এই ব্যাপক রদবদল ও নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রদল দেশব্যাপী তাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

























