আত্মহত্যার হার শূন্যের কোটায় নামাতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় ০৩:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 23
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের আত্মহত্যাকে ‘না’ বলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবনে ব্যর্থতা আসতেই পারে। তবে হতাশ না হয়ে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। বারবার চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন সম্ভব।
তিনি বলেন, নিজের সমস্যা ও অনুভূতি পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করা উচিত। এতে মানসিক চাপ ও হতাশা মোকাবিলা করা সহজ হয়।
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ইতিবাচক চিন্তা, পারস্পরিক সহমর্মিতা ও সচেতনতার মাধ্যমে সমাজে আত্মহত্যা প্রতিরোধের আন্দোলন গড়ে তুলতে হবে।





















