আমাদের নজরুল তারেক রহমান: চিফ হুইপ
- আপডেট সময় ০৫:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 28
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, আজকের বাংলাদেশে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। ‘আমাদের নজরুল তারেক রহমান’ বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কবি। অন্যায়, অবিচার, শোষণ, ক্ষুধা, দারিদ্র্য ও মানুষের অধিকার নিয়ে তার লেখনী ছিল সোচ্চার। নজরুল যুগে যুগে জন্ম নেন না; তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি মানুষের মাঝে বেঁচে আছেন।
নূরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন অন্যায়, নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। আয়নাঘর, গুম, জেল-জুলুম ও নির্যাতনের মতো ঘটনাগুলো মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং কঠিন সময়েও মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নজরুলকে অবহেলা করলে তাকে আর ফিরে পাওয়া যাবে না। দেশের মানুষের কল্যাণে তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন, তা উপলব্ধি করে তার পাশে দাঁড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন চিফ হুইপ।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নজরুল শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কবি নন, তিনি সব মানুষের কবি। তার লেখায় দ্রোহের পাশাপাশি প্রেম, মানবতা ও মানুষের মৌলিক অধিকারের কথাও উঠে এসেছে।
নূরুল ইসলাম মনি বলেন, জীবদ্দশায় নজরুলকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই শুধু মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ না করে তার আদর্শ ও মানবিক চেতনাকে নিজেদের জীবনে ধারণ করতে হবে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদ্যমান সমস্যাগুলোর সমাধান রাতারাতি সম্ভব নয়। দীর্ঘদিনের সংকট কাটিয়ে একটি দেশকে এগিয়ে নিতে সময় ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ জন্য জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
চিফ হুইপ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষ ও সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছিল। দেশকে এগিয়ে নিতে তার অবদান স্মরণীয়। বর্তমান বাংলাদেশকেও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক এবং প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ। এ সময় সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



















