আজ থেকে কলেরা টিকার ক্যাম্পেইন শুরু, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত
- আপডেট সময় ১২:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 33
কলেরা প্রতিরোধে সারা দেশে দুই ডোজের ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২২ আগস্ট) থেকে ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর।
কর্মসূচির আওতায় ১ বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে কলেরার টিকা খাওয়ানো হবে। তবে গর্ভবতী নারীরা এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবেন না।
সংশ্লিষ্ট কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। সারা দেশে মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজই গ্রহণ করতে হবে। প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানার ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এসব এলাকায় প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও এবং মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্দিষ্ট এলাকাতেও কলেরার টিকাদান কর্মসূচি চলবে।





















