জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিটিভির বিশেষ আয়োজন
- আপডেট সময় ০১:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 28
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঐতিহাসিক প্রেক্ষাপট, আত্মত্যাগের স্মৃতি ও গণঅভ্যুত্থানের চেতনা দর্শকদের সামনে তুলে ধরতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বুধবার (৫ আগস্ট) বিটিভির পর্দায় কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ ফিলার এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সরাসরি সম্প্রচার প্রচার করা হবে।
বিটিভির প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বিকেল ৪টা ৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় কবিতা পাঠের অনুষ্ঠান প্রচার হবে। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় বহুল আলোচিত ‘আয়নাঘর’-এর স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত একটি সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে। রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান দেখানো হবে।
রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নৃত্য, সংগীত ও আলোচনা সমন্বয়ে নির্মিত একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করা হবে। এছাড়া রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় আরেকটি বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে বিটিভি।
নিয়মিত অনুষ্ঠানসূচির পাশাপাশি দিনভর গণঅভ্যুত্থানভিত্তিক বিভিন্ন বিশেষ ফিলারও প্রচার করা হবে। একই সঙ্গে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।
বিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই দিবসটি উপলক্ষে এ বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।




















