৩ দেশে কনস্যুলেট খুলবে বাংলাদেশ
- আপডেট সময় ০৫:১৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 22
চীন, জার্মানি ও ব্রাজিলের তিন শহরে নতুন কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
নতুন কনস্যুলেটগুলো হবে চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে। গত ৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও সংগঠন শাখার এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কনস্যুলেটগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় নতুন পদ, যানবাহন ও অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোয় যুক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদনও পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, তিন শহরই বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ। নতুন কনস্যুলেট স্থাপনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সেবা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণ, দেশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে আরও কার্যকরভাবে প্রতিনিধিত্ব করার লক্ষ্যও রয়েছে।






















