সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে নতুন দায়িত্ব
- আপডেট সময় ০৪:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 4
সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে মো. সারওয়ার আলমকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। আদেশটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। প্রত্যাহারের পর সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তিনি ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে একশোরও বেশি ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে সুনাম অর্জন করেছিলেন।
সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত অবস্থায় তার এই কার্যক্রম বিশেষভাবে প্রশংসিত হয়। এর আগে ২০২০ সালের নভেম্বরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের আগস্টে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।
























