যুক্তরাষ্ট্র ইরানের মিত্রদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে: গালিবাফ
- আপডেট সময় ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 24
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল কার্যত ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’-এর মিত্রদের স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এ জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
সোমবার (৬ জুলাই) ইয়েমেনের হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান মোহাম্মদ আল-নুয়াইমির সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন গালিবাফ।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল কার্যত ইরানের মিত্রদের নিয়ে গঠিত প্রতিরোধ অক্ষকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। এটি এই সমঝোতা স্মারকের অন্যতম বড় অর্জন।’
ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’-এ লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, গাজার হামাস এবং ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী অন্তর্ভুক্ত।
গালিবাফ আরও দাবি করেন, সংশ্লিষ্ট সমঝোতা স্মারক সামরিক ও রাজনৈতিক—উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের পরাজয় এবং ‘প্রতিরোধ অক্ষ’-এর সাফল্যের প্রতিফলন।
তিনি আরও বলেন, শক্তিশালী কূটনীতির ভিত্তি হলো পূর্ণ সামরিক প্রস্তুতি। তার দাবি, ইরানকে দুর্বল মনে করলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবারও যুদ্ধের পথ বেছে নিতে পারে।:::
























