ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের হুমকি বেন-গভিরের
- আপডেট সময় ১১:০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 32
ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, নির্বাচনের পর আবার মন্ত্রিসভায় ফিরতে পারলে এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। ফিলিস্তিনি বন্দি হাসান সালামেহকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে বেন-গভিরকে ইসরাইলের একটি কারাগারে বন্দি হাসান সালামেহর কক্ষে গিয়ে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। সেখানে সালামেহকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’
ভিডিওটির সঙ্গে দেওয়া বিবৃতিতে বেন-গভির বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো বন্দিদের ‘মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন’।
একই বিবৃতিতে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতি এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।
হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরাইলে বন্দি রয়েছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বেন-গভিরের প্রকাশ করা ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ভিডিওটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি ‘মৃত্যুর হুমকি’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে।
ইসরাইলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেন-গভিরের এই বক্তব্য দেশটির বন্দিনীতি এবং গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করেছে।

























