মালয়েশিয়ায় যাবেন বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক
- আপডেট সময় ১২:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 17
সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। কর্মীদের বিমান ভাড়াসহ বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় কোনো খরচ বহন করতে হবে না।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এদিকে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে মালয়েশিয়া সরকারের। বিভিন্ন অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, প্রায় দুই লাখ কর্মী নেওয়ার পাশাপাশি আরও ১০ হাজার বাংলাদেশিকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় নেওয়া হবে। এ উদ্যোগের ফলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় সড়কের স্থায়িত্ব বাড়াতে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের প্রযুক্তি রয়েছে। ওই প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।























