গাজা ইস্যুতে নেতানিয়াহুকে দুষলেন কুশনার
- আপডেট সময় ০৩:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 14
গাজার যুদ্ধপরবর্তী শাসন নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কুশনারের মতবিরোধ
গাজার যুদ্ধপরবর্তী শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহু নানা বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন কুশনার।
সোমবার (১০ আগস্ট) ইসরায়েলের চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে তৈরি করা মার্কিন পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুর অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছেন কুশনার।
মার্কিন পক্ষ গাজাকে যুদ্ধের পর একটি নতুন পর্যায়ে নিতে দ্রুত বাস্তব পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নেতানিয়াহুর অবস্থান হলো, কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে।
চলমান আলোচনায় নেতানিয়াহু কুশনারকে জানিয়েছেন, গাজা পুরোপুরি সামরিকভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেখানে কোনো শাসনব্যবস্থা অনুমোদন করবে না ইসরায়েল।
ইসরায়েলের দৃষ্টিতে গাজাকে সামরিকভাবে নিরস্ত্রীকরণের অন্যতম প্রধান শর্ত হলো ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সব অস্ত্র সমর্পণ এবং তাদের সামরিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা।
এ অবস্থায় গাজার যুদ্ধপরবর্তী পুনর্গঠন ও প্রশাসনিক কাঠামো দ্রুত গড়ে তোলার আন্তর্জাতিক উদ্যোগের সঙ্গে ইসরায়েলের কঠোর নিরাপত্তা শর্তের পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর























