ইরানের ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র এখনও অক্ষত: সিআইএ-র রিপোর্ট
- আপডেট সময় ১১:৩০:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 86
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি গোপন বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের পরিস্থিতির তুলনায় ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বিশাল অংশ অক্ষত রাখতে পেরেছে।
সিআইএ জানিয়েছে, ইরানের প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত এখনও পুরোপুরি সচল রয়েছে। সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে জমা দেওয়া এই গোপন রিপোর্টের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ-র এই মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তি নিশ্চিত করেছেন যে, মার্কিন নৌ-অবরোধের মধ্যেও ইরান আরও তিন থেকে চার মাস টিকে থাকার সামর্থ্য রাখে।
এই তথ্যটি এমন এক সময়ে সামনে এলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করার এবং ইরানের আত্মসমর্পণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আসছেন।
ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ অনুযায়ী, সিআইএ-র এই নতুন নথিতে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কারণ, ইরানের সামরিক শক্তির এই বিশাল মজুত নির্দেশ করে যে, অবরোধ বা সরাসরি হামলা সত্ত্বেও তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা খুব একটা কমেনি। এই মূল্যায়ন মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন কৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

























