হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় ইরানের বিশেষ নির্দেশনা
- আপডেট সময় ০৪:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 21
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিজেদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে ইরান সরকার।
তুরস্কের আনতালিয়া ডিপ্লোমাসি ফোরামের পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহর মধ্যকার আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের যাতায়াত নির্বিঘ্ন ও সহজতর করার জন্য ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি স্মরণ করিয়ে দেন যে, ইরান যখন হরমুজ প্রণালি পারাপারের অনুমতিপ্রাপ্ত বিশেষ ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল, তখন বাংলাদেশ সরকার ও জনগণ তা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছিল।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও সেই সহযোগিতার ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর এই বিশেষ অনুরোধের পর ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পরে রোববার রাতে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন যে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর হওয়া সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের ওপর হামলার আশঙ্কার মধ্যে এই আশ্বাসে দেশের নৌ-পরিবহন ও বাণিজ্য খাতে স্বস্তি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা উপসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আঞ্চলিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতিই হওয়া উচিত একমাত্র পথ।
বাংলাদেশের এই শান্তিপ্রিয় অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।
আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ রুট দিয়ে বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত হওয়া বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি ছিল। ইরানের এই ইতিবাচক নির্দেশনার ফলে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য বাংলাদেশি জাহাজের যাতায়াত আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় পক্ষই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেছে।

























