প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি
- আপডেট সময় ০৮:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 15
বলিউড তারকা পরিণীতি চোপড়া প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নেটফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে তার। সিরিজটি ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
ওটিটিতে অবশ্য পরিণীতির যাত্রা নতুন নয়। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ওয়েব ফিল্মের মাধ্যমে ওটিটিতে অভিষেক হয় তার। তার সর্বশেষ সিনেমা ‘অমর সিং চামকিলা’ও নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল।
তবে এবারই প্রথম কোনো ওয়েব সিরিজের অংশ হয়েছেন পরিণীতি। ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজটির ঘোষণা এসেছিল গত বছরের ফেব্রুয়ারিতে। শুটিংসহ নির্মাণের আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর এবার মুক্তির তারিখ জানানো হয়েছে।
সিরিজটিতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি। নয় বছর আগে তার সন্তান হারিয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সন্তানের খোঁজে তার সংগ্রাম, মাতৃত্বের আবেগ এবং চারপাশের মানুষের প্রতি ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলার গল্পকে কেন্দ্র করে এগিয়েছে সিরিজটি।
‘শাক’-এর পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, সিরিজটি চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। গল্পে একটি গোপন সত্য সামনে আসার পর নতুন প্রশ্ন তৈরি হবে এবং প্রতিটি সম্পর্কের আড়ালে রহস্যের নতুন স্তর উন্মোচিত হবে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ নয় বছর ধরে সন্তানের সন্ধানে হার না মানা এক মায়ের আবেগঘন ও রোমাঞ্চকর যাত্রাকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।
নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ বিভাগের প্রধান তানিয়া বামী জানান, ‘শাক’ শুধু একটি ক্রাইম ড্রামা নয়; নয় বছর ধরে সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের সংগ্রামই গল্পটির মূল বিষয়। মায়ের সন্তানের প্রতি আকুলতার সঙ্গে টানটান উত্তেজনায় ভরা থ্রিলারের সমন্বয় ঘটানো হয়েছে সিরিজটিতে।
তিনি আরও জানান, গল্পের প্রতিটি চরিত্র এই অনুসন্ধানী যাত্রার গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রত্যেকের গোপন রহস্য ও দ্বন্দ্বের মধ্য দিয়ে দর্শকদের সামনে বারবার প্রশ্ন উঠবে—কোনটি সত্য আর কোনটি নয়।
পরিণীতি চোপড়ার সঙ্গে সিরিজটিতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।
























