মা হারালেন অভিনেত্রী জেরিন খান
- আপডেট সময় ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 28
দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে জেরিন খানের মা পারভীন খান
বলিউড অভিনেত্রী জেরিন খানের মা পারভীন খান আর নেই। বুধবার (৮ এপ্রিল) সকালে ভারতের মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে জেরিন খানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জেরিন খানের টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করা হয়েছে।
জেরিন খানের টিমের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মিস পারভীন খান—যিনি অভিনেত্রী জেরিন খান ও সানা খানের মা ছিলেন—আজ ৮ এপ্রিল শান্তিতে পরলোকগমন করেছেন।” বুধবার সকাল ১০টার দিকে মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পারভীন খান বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত কয়েক মাসে তাঁর অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও শেষ পর্যন্ত বুধবার সকালে তিনি চিরতরে বিদায় নিলেন।
২০১০ সালে সুপারস্টার সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। প্রথম সিনেমাতেই নজর কেড়েছিলেন তিনি। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ ২০২১ সালে মুক্তি পায়। ব্যক্তিগত জীবনে মা পারভীন খান ছিলেন জেরিনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও শক্তির উৎস।
























