এলপিজি ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রীর
- আপডেট সময় ০১:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 32
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী সতর্ক করে বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট ডেকে দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণ করা হবে না।
জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি সংগ্রহের উৎস হিসেবে শুধু যুক্তরাষ্ট্রই রয়েছে, অন্য উৎসগুলোও ঠিকমতো কাজ করছে না। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে।
তিনি বলেন, এ অবস্থায় কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করতে এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে চলতি মাসেই আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।























