৬ লাখ কোটি ছাড়াল খেলাপি ঋণ
- আপডেট সময় ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 17
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। জুন ২০২৬ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপি। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এক বার্তায় এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চ ২০২৬ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল খেলাপি।
অর্থাৎ, মার্চ থেকে জুন—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের হার বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট।
জুন শেষে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপিতে পরিণত হয়েছে। এতে দেশের ব্যাংক খাতের ঋণমান, মূলধন সক্ষমতা ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

























