বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই
- আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 69
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে পাইকারি বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন এই ট্যারিফ চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।
বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।
ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন বিতরণ কোম্পানির আওতায় খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে ৩ থেকে ৬ মে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের বিভিন্ন সংস্থা বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার এবং সঞ্চালন মাশুল বাড়ানোর আবেদন করে বিইআরসির কাছে।
পরে ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের বক্তব্য ছিল, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনাগত দুর্বলতার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
মূল্যবৃদ্ধির আবেদনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিটে ৮৫ পয়সা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ১ টাকা ৭৭ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১ টাকা ৫৪ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ১ টাকা ৯৮ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ১ টাকা ৩৯ পয়সা এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশের মাধ্যমে পাইকারি বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন ঘোষণার মাধ্যমে বিদ্যুতের মূল্য কাঠামোয় আবারও পরিবর্তন এলো।


























