হান্নান মাসুদের স্ত্রীকে মারধরের অভিযোগ, পাল্টা বক্তব্য বিএনপির
- আপডেট সময় ১২:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 40
নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।
হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, তাকে রড দিয়ে আঘাত করা হয়েছে এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে থাকা দেবরকেও মারধর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জোট-সমর্থকদের দাবি, বুড়িরচর ইউনিয়নের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এ সময় মোবাইল ছিনিয়ে নেওয়া ও শারীরিকভাবে আঘাত করার ঘটনা ঘটে। একই সঙ্গে বুড়িরচর, চরঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে তাদের নেতাকর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
হাতিয়া ছাত্রশক্তির সদস্য সচিব আশিক এলাহী বলেন, ঘটনার পর শ্যামলী সুলতানা বর্তমানে ওচখালীর বাসায় অবস্থান করছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি। বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি বলেন, কেন্দ্র পরিদর্শনকে ঘিরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু হামলার ঘটনা ঘটেনি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

























