জামায়াত নেতা আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড
- আপডেট সময় ০৫:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 18
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সকালে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিমানবন্দর থানা পুলিশ। পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আখতারুজ্জামানকে ভিন্ন পথে আদালতে নেওয়া হয়। এ সময় প্রিজন ভ্যানের ভেতর থেকেই সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভ্যান থেকে নামানোর সময় তাঁকে হেলমেট পরানোর চেষ্টা করা হলে সেটি ছুড়ে ফেলে দেন এই জামায়াত নেতা।
দুপুর ১টার দিকে তাঁকে গারদখানায় না নিয়ে সরাসরি আদালতে তোলা হয়। শুনানির সময় এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আখতারুজ্জামানকে এ মামলায় জড়ানো হয়েছে।
গত ১ অক্টোবর সৌদি আরব থেকে ওমরা পালন শেষে দেশে ফেরেন আখতারুজ্জামান। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, একপর্যায়ে বিমানবন্দরের এক কর্মকর্তার গায়ে হাত তোলেন তিনি। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

























