পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুরের যাবজ্জীবন
- আপডেট সময় ০৮:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 79
ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের মামলায় হাফিজার শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালতসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বিয়ের পর থেকেই পুত্রবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে হাফিজার শেখের বিরুদ্ধে। ২০২২ সালের ২৫ আগস্ট সকালে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ করা হয়। এতে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগও মামলায় রয়েছে।
ভুক্তভোগী বিষয়টি তার স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের জানালেও কোনো সমাধান না হওয়ায় বাবার বাড়িতে চলে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
পরে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্ত শেষে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জল হোসেন হাফিজার শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

























