শাহজালালে দুই যাত্রীর ব্যাগ থেকে ৮১ লিটার বিদেশি মদ জব্দ
- আপডেট সময় ০১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / 54
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর ব্যাগ থেকে ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দ করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি বাড়ান কাস্টমস কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে এমিরেটসের EK0584 ফ্লাইটে আসা যাত্রী রোমান মিখাইলভের ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর ক্ষেত্রে ব্যাগেজ বিধি অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ রয়েছে। এ কারণে অনুমোদিত পরিমাণ বাদ দিয়ে অতিরিক্ত ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।
এ ছাড়া গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তার্কিশ এয়ারলাইনসের TK0712 ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলামের ব্যাগ তল্লাশি করে আরও ৪ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলোও জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
সিআইআইডি জানায়, দুই যাত্রীর কাছ থেকে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধ এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

























