মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০৬:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 28
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনই এই সরকারের প্রধান লক্ষ্য। কৃষক, নারী ও ধর্মীয় নেতাসহ সকল শ্রেণির মানুষের পাশে থেকে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—এই নীতিতেই আমরা বিশ্বাসী।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে কৃষির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত এবং প্রায় ৪ কোটি পরিবারের কেউ না কেউ এই পেশায় যুক্ত।
তিনি জোর দিয়ে বলেন, দেশের কৃষক যদি সচ্ছল ও ভালো থাকে, তবেই সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষককে এই কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে সরকারের প্রথম সপ্তাহেই কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কৃষির আধুনিকায়ন ও পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে সরকারের মহাপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী ৫ বছরের মধ্যে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর ফলে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি ধরে রেখে পরবর্তী সময়ে চাষাবাদে কাজে লাগানো সম্ভব হবে।
দেশ গড়ার এই সময়ে নারীদের স্বাবলম্বী করার ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, মা-বোনদের জন্য প্রতিশ্রুতি দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলট প্রজেক্ট ইতিমধ্যে শুরু হয়েছে এবং আগামী ৫ বছরের মধ্যে দেশের সকল নারী প্রধান পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন যে, জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর এবং উন্নয়নের এই ধারা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য।
























