দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়: সংসদে শিক্ষামন্ত্রী
- আপডেট সময় ০১:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / 6
সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনও কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে শিক্ষামন্ত্রী দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এই চিত্র তুলে ধরেন।
শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগেই এমন অনেক গ্রাম রয়েছে যেখানে কোনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। পরিসংখ্যানগুলো নিচে দেওয়া হলো:
চট্টগ্রাম বিভাগ: ৮১৮টি (সর্বোচ্চ)
ঢাকা বিভাগ: ৭১৭টি
রাজশাহী বিভাগ: ৩৫৫টি
খুলনা বিভাগ: ৩৪৯টি
ময়মনসিংহ বিভাগ: ২৬৬টি
সিলেট বিভাগ: ২৬০টি
বরিশাল বিভাগ: ৪৫টি
রংপুর বিভাগ: ৩৭টি
মোট: ২,৮৪৭টি গ্রাম।
সংসদ সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী জানান যে, বর্তমানে দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই—এটি একটি বাস্তব সত্য। তবে সরকার এই সংকট নিরসনে আন্তরিক। তিনি উল্লেখ করেন, যেসব গ্রামে কোনো বিদ্যালয় নেই, সেখান থেকে যদি নতুন স্কুল স্থাপনের সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়, তবে প্রয়োজনীয়তা যাচাই এবং সরকারি শর্তাবলী পূরণ সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনতে সরকার কাজ করছে। ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের ভবিষ্যৎ শিক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।























