স্বর্ণের বাজারে বড় দরপতন
- আপডেট সময় ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 28
বিশ্ববাজারে স্বর্ণের দামে আবারও পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এর আগের দিনও মূল্যবান এই ধাতুর দাম ২ শতাংশের বেশি কমেছিল। এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এ কারণে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।
বাজারের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগের মাধ্যমে তখন তুলনামূলক বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। এতে স্বর্ণের চাহিদা ও দামের ওপর চাপ পড়ে।
এদিকে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশের অপেক্ষায় রয়েছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া এই সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুদের হার নির্ধারণের ক্ষেত্রেও ফেডারেল রিজার্ভ সূচকটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।
অন্যদিকে ব্যাংক অব জাপানের সাবেক নীতিনির্ধারক সেইজি আদাচি বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েক দফা সুদের হার বাড়াতে পারে। তবে ভোগব্যয় দুর্বল থাকায় আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক বাধার মুখে পড়তে পারে ব্যাংকটি।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নিং কাউন্সিলের সদস্য ওলাফ স্লেইপেনও বলেছেন, ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে সংস্থাটি। তবে এরপরের মুদ্রানীতির গতিপথ কী হবে, তা এখনও অনিশ্চিত।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম দশমিক ২ শতাংশ কমে ৪০ ডলার ৭৯ সেন্টে নেমে আসে।
একই সময়ে প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৭ ডলার ৬৫ সেন্টে দাঁড়ায়। আর প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৮৫১ ডলার ২৫ সেন্টে নেমে আসে।
























