তারানা হালিমের খোঁজে গুলশানে পুলিশের অভিযান
- আপডেট সময় ১১:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 33
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিমের সন্ধানে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গুলশান-২ এলাকার ওই বাসায় অভিযান চালানো হলেও সেখানে তাঁকে পাওয়া যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর সমকালকে বলেন, তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বাসাটি তারানা হালিমের নয় উল্লেখ করে তিনি বলেন, ওই বাসায় তারানা হালিম রয়েছেন—এমন একটি গুজব ছড়ানো হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই বাসার সামনে পুলিশ অবস্থান করে। এ সময় ১০ থেকে ১২ জন পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। বাসার সামনে একটি মালবাহী পিকআপও দেখা যায়। পুলিশের সঙ্গে ভবন ও স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তাকর্মীরাও সেখানে অবস্থান করেন।
তবে গুলশানে তারানা হালিম যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাসার নিরাপত্তাকর্মী শরিফ মিয়া রাত সাড়ে ১০টার দিকে সমকালকে বলেন, তারানা হালিম ওই বাসার চারতলায় থাকতেন। শনিবার বিকেলে সেখান থেকে এক চালক কিছু মালামাল নিচে নামান। এ খবর পেয়ে পুলিশ আসে। পরে দুই নারী পুলিশ সদস্য বাসায় গেলেও তারানা হালিমকে পাননি। বাসা থেকে কোনো মালামালও নেওয়া হয়নি।
শরিফ মিয়া আরও বলেন, বাড়ির মালিক বাসায় ছিলেন না। সরকার পতনের পরপরই তিনি দেশ ছেড়েছেন। বর্তমানে বাসাটিতে কেউ থাকেন না।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারানা হালিমকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
























