হাসিনাকে ফেরাতে সামরিক বিমান চাওয়া কি ‘মামার বাড়ির আবদার’? দিল্লির ভূমিকা নিয়ে প্রশ্ন নুরের
- আপডেট সময় ০৯:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 13
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর দাবি ‘মামার বাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি অভিযোগ করেছেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে নুরুল হক নুর বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর কথা বলেছেন। এটি ‘মামার বাড়ির আবদার’ বলেও মন্তব্য করেন তিনি।
নুর বলেন, জনগণের ধাওয়ায় দেশ ছেড়ে পালানো এবং দেশের সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্ত একজন সাবেক শাসককে সামরিক বিমান দিয়ে ফিরিয়ে আনার দাবি অযৌক্তিক। শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরা নিয়ে যেসব ঘটনা ঘটছে, তার পেছনে দিল্লির ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।
এ বক্তব্য সরকারের অবস্থান নয় উল্লেখ করে নুর বলেন, এটি গণঅধিকার পরিষদের বক্তব্য এবং তাঁর ব্যক্তিগত বক্তব্য।
ভারতের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ভালো বন্ধুরাষ্ট্র পায়নি, বরং পেয়েছে দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র। দিল্লি সব সময় বাংলাদেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের পেছনেও দিল্লি রয়েছে বলে দাবি করেন নুর। এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
গার্মেন্টস খাতের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, দিল্লির ষড়যন্ত্রের কারণে যেন দেশের গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে।
নিজের রাজনৈতিক অবস্থান ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে তাঁরা আন্দোলন করেছেন, কিন্তু তাঁদের মধ্যে লোভ-লালসা ছিল না, এখনো নেই।
মালয়েশিয়ার শ্রমবাজারে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে নিজের কোনো প্রভাব বা সুপারিশ থাকার অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জানিয়ে নুর বলেন, সাংবাদিকেরা অনুসন্ধান করে তাঁর রেফারেন্সে কোনো লাইসেন্স অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ পেলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন।
এ ছাড়া তাঁর কারণে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিশেষ সুবিধা নিচ্ছে—এমন প্রমাণ পাওয়া গেলেও পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন তিনি।

























