তিন বছরে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- আপডেট সময় ০১:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 28
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যেতে চায় সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে থাকবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবে।
তিনি বলেন, তরুণদের যথাযথ সহযোগিতা ও সুযোগ দেওয়া হলে তারা আকাশও জয় করতে পারে। অন্যের প্রযুক্তি ব্যবহার না করে নিজেদের উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের বিষয়ে তারেক রহমান বলেন, অর্থসংকটের কারণে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যেই সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় নিজেদের সক্ষমতার পরিচয় দিতে পারবেন।






















