প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
- আপডেট সময় ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 36
পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
তবে পরীক্ষামূলক এই সংযোগ কয়েক ঘণ্টার জন্য চালু রাখা হবে। এরপর জাতীয় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সরবরাহ করা হতে পারে। এরপর গ্রিডের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রটির বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হবে।
তারা আরও জানান, পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করে পানি থেকে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদন করা হবে বিদ্যুৎ।
প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ পর্যায়ে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত করার প্রস্তুতির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় পিডিবির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।
এদিকে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। সূত্র জানিয়েছে, এ আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে সর্বনিম্ন ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রটির নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সংরক্ষণ করে বাকি বিদ্যুতের মধ্যে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে।



















