এমপি নুসরাতের বাড়িতে আগুন: পেট্রোল বোমার আলামত মেলেনি, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় ০৭:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 26
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ তদন্ত চলছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে ঘটনার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানান, যে টিনশেড আধা-পাকা বাড়িতে আগুন লেগেছে, তার ২০ মিটার দূরে নুসরাতের বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। টিনশেড বাড়িতে কেউ থাকতেন না। সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।
ঘটনার পর প্রশাসনের পদক্ষেপের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি, পুলিশ সুপার এবং বিজিবির একটি দল। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনকে নিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তদন্তের প্রাথমিক পর্যালোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় ব্যক্তি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং আলামত মূল্যায়ন করে প্রাথমিকভাবে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো সাক্ষীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।
তিনি বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এবং বৈদ্যুতিক সংযোগ দুর্বল থাকায় শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিত্যক্ত বা কম ব্যবহৃত ওই বাড়িতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ছাগলও মারা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ সে অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে।
কেউ এর পেছনে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড চালিয়ে থাকলে অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদকে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।



















