রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন কেলি ই. কারি
- আপডেট সময় ০৩:৫৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 16
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আজ বাংলাদেশ সফরে আসছেন দেশটির মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তার এই সফর চলবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্ব দেওয়া হবে।
কেলি ই. কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, তারা এই সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।
বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী এবং নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
তার সফরসূচিতে ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
এদিকে, ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।






















